বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

পাবনার ভাঙ্গুড়ায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির প্রেক্ষাপটে জনস্বাস্থ্য সুরক্ষায় মশক নিধন ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৩ অক্টোবর) ভাঙ্গুড়া পৌরসভা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিটি ৪ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলবে।

ভাঙ্গুড়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এবং ভাঙ্গুড়ার মেয়রপ্রার্থী মো. হাফিজ উদ্দিন বাহারের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচির আওতায় এলাকার বিভিন্ন সড়ক, দোকান, ভাঙ্গুড়া থানা ও ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনায় ফগার মেশিনের সাহায্যে মশার ওষুধ স্প্রে করা হয়। একই সঙ্গে এডিস মশার বংশবিস্তার রোধে পৌরবাসীর মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন দলের নেতাকর্মীরা।

ভাঙ্গুড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ডা. মহির উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আলী আছগার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি আশঙ্কাজনক রূপ নিলেও সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে কর্তৃপক্ষের পদক্ষেপ হতাশাজনক। জনসেবার অংশ হিসেবেই জামায়াত পৌরসভার সহযোগিতায় ফগার মেশিন ও প্রয়োজনীয় উপকরণ নিয়ে রাজপথে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। একই সঙ্গে তিনি স্থানীয় বাসিন্দাদের পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ভাঙ্গুড়া সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি হালিম মাজাহার নুর, পৌরসভার মেয়র পদপ্রার্থী হাফিজ উদ্দিন বাহার, শ্রমিক কল্যাণ বিভাগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক, পৌর শাখা জামায়াতের আমির মাওলানা মজিবুর রহমান, জামায়াত নেতা আবুল কাশেমসহ দলের অন্যান্য নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025