বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
রাজধানীর মুগদা থানা উত্তর মানিকনগর এলাকার একটি বাসা থেকে আরিয়ান ফারদিন (২৩) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) সকালের দিকে ময়নাতদন্তে জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু ইউসুফ মৃধা জানান, আমরা খবর পেয়ে দিবাগত রাত সোয়া ১২টার দিকে মুগদার উত্তর মানিকনগরের একটি বাসা থেকে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আমরা তার আত্মীয়দের মুখে জানতে পারি গতকাল বিকেল থেকে বাসার দরজা বন্ধ পেয়ে তারা বারবার ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ফারদিনকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান স্বজনরা। গতকাল বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে কোনো এক সময় তিনি আত্মহত্যা করেন।
প্রাথমিক অনুসন্ধানে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। পারিবারিক কলহ কিংবা প্রেমঘটিত কোনো বিষয় ছিল কি না সে বিষয়ে পরিবার থেকে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তার ব্যবহৃত স্মার্টফোনটি জব্দ করা হয়েছে এবং তা থেকে তথ্য উদ্ধারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।
নিহত আরিয়ান ফারদিন মুগদার ৪৩/২/৯ নম্বর বাসার দ্বিতীয় তলায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তার বাবার নাম রফিকুল ইসলাম খোকন।
ফারদিন উচ্চমাধ্যমিক পড়াশোনা শেষ করেছিলেন ও খুব শিগগির তার বিদেশে যাওয়ার কথা ছিল।