মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তায় জামায়াতের আমিরের নিন্দা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের হেনস্তার শিকার হয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১২ অক্টোবর) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে নিউইয়র্কের বিমানবন্দরে পৌঁছানোর পর এ ঘটনা ঘটে।

এ ঘটনার নিন্দা জানিয়ে মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন জামায়াতের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

ওই স্ট্যাটাসে জামায়াত আমির ড. ইউনূসকে হেনস্তায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে লিখেছেন, পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট তার সন্ত্রাসীদের সুদূর যুক্তরাষ্ট্রেও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য উসকানি দিয়ে যাচ্ছে। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই।

তিনি আরও লিখেন, সরকারের উচিত হবে এ ব্যাপারে দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। এরা যে ফ্যাসিস্ট, দেশ থেকে পালিয়ে গিয়েও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ অব্যাহত রেখে তা বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছে। শেইম…।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঘটনার সময় বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনাল দিয়ে হুইলচেয়ারে করে বের হচ্ছিলেন ড. ইউনূস। তখন কয়েকজন বাংলাদেশি প্রবাসী তাকে লক্ষ্য করে বিভিন্ন মন্তব্য করেন। তারা ‘ইউ আর টেররিস্ট’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’, ‘গো ব্যাক’, ‘ইউ ডেস্ট্রয়ড ডেমোক্রেসি’ ও ‘ইউ কিল্ড থাউজেন্ডস অব পুলিশ’ বলে স্লোগান দিতে থাকেন।এসময় নিরাপত্তাকর্মীরা ড. ইউনূসকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন। পরে তিনি ও তার সঙ্গে থাকা লামিয়া মোর্শেদ দ্রুত বিমানবন্দরের ভেতরে চলে যান বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025