শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে লাবিবুল আল হাসান (১০) ও রায়হান ইসলাম রাব্বি (১২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার মোক্তারপুর এলাকার চরসিন্দুর ব্রিজসংলগ্ন শীতলক্ষ্যা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লাবিবুল আল হাসান মোক্তারপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. আতাউর শেখের ছেলে। রাব্বি কাপাসিয়া উপজেলার দড়িনাসেরা গ্রামের মো. তোফাজ্জল হোসেনের ছেলে। তারা স্থানীয় একটি মাদরাসায় পড়তো।
স্থানীয় সূত্রে জানা যায়, ৫ বন্ধু একসঙ্গে চরসিন্দুর ব্রিজসংলগ্ন শীতলক্ষ্যা নদীতে গোসলে নামে। কিছু পর তিনজন তীরে এলেও লাবিব ও রাব্বির কোনো খোঁজ পাওয়া যায়নি। বিষয়টি অন্যদের জানানো হলে স্থানীয়রা তল্লাশি শুরু করেন। একপর্যায়ে দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক জানান, এ ঘটনায় কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় দুই পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।