বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
বুধবার (৬ মে) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ১৬ মে চাঁদপুরে এবং ২৫ মে ফেনীতে প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে খাল খনন কর্মসূচির উদ্বোধনও থাকবে। তিনি জানান, দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে।
এছাড়া পদ্মা ব্যারেজ প্রকল্প নিয়ে মন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে শিগগিরই সরকার সিদ্ধান্ত নেবে এবং তা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে উপস্থাপন করা হবে। তিনি আরও বলেন, পদ্মা ব্যারেজ দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রকল্প।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি জানান, তিস্তা মহাপরিকল্পনা নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে। আগামী ১৮০ দিনে কী কী কাজ সম্পন্ন করা হবে, তা নিয়েও আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।