বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

রাতের মধ্যে দেশের ১২ জেলায় ঝড়ের আশঙ্কা

বৈশাখের শেষ দিকে এসে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে এখনো দেশের কোথাও কোথাও তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে বিরাজ করছে।

এ অবস্থায় বুধবার (৬ মে) রাতের মধ্যে দেশের ১২টি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, রাত ১টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কুমিল্লায়, ৩৬ মিলিমিটার। চাঁদপুরে ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া তেঁতুলিয়ায় ৬ মিলিমিটার, খেপুপাড়ায় ৩ মিলিমিটার এবং ঢাকা, নারায়ণগঞ্জ ও পটুয়াখালীতে ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025