বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে মাইজদী শহরের প্রধান সড়কে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে মাইজদী পৌরবাজারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় তথ্য সম্পাদক মো. আবু সায়েদ সুমন।

আবু সায়েদ বলেন, ‘শাকসু নিয়ে নোংরা রাজনীতি শুরু হয়েছে। আমাদের দাবি, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে শাকসু নির্বাচন বাস্তবায়ন করতে হবে। দীর্ঘ ২৮ বছর পর শাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও তা কৌশল করে বন্ধ করে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের পালসের বাইরে গিয়ে যারা অতীতে রাজনীতির নামে অপরাজনীতি করেছেন, জনগণ তাদের ছুড়ে ফেলেছে। শিক্ষার্থীরা অতীতেও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আমরা জুলাইয়ে হাসিনাকে তাড়িয়েছি। দরকার পড়লে আরেকটি জুলাই অভ্যুত্থান সংঘটিত হবে।’

এতে মাইজদী শহর শিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহবুবের সঞ্চালনায় বক্তব্য রাখেন নোয়াখালী শহর সভাপতি হাবিবুর রহমান আরমান, নোয়াখালী জেলা দক্ষিণ সভাপতি সাইফুর রসুল ফুহাদ, জেলা উত্তর সভাপতি দাউদ ইসলাম প্রমুখ।

দুই প্রার্থী ও এক শিক্ষার্থীর রিটের প্রাথমিক শুনানিতে চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছেন হাইকোর্ট।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025