সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মো. ইমন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাগজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন ওই এলাকার মো. ইয়াকুবের ছেলে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বিকেলে কাগজীপাড়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সরবরাহ লাইনের একটি তার ছিঁড়ে যায়। পরে ইমন পাশ দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় যুবদল নেতা মামুনুর রশীদ জানান, বিদ্যুৎ সরবরাহ লাইনের তার ছিঁড়ে যাওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে পিডিবি কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। ঘটনাস্থলে পিডিবির কর্মচারীরা উপস্থিত থাকলেও সঠিক সময়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করায় এ ঘটনা ঘটে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হালিমা জানান, ইমনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
পটিয়া পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. রেজাউন্নবী বলেন, তাদের না জানিয়ে গাছের ডালপালা কাটার সময় বিদ্যুৎ লাইনের একটি তার ছিঁড়ে যায়। ঘটনার পরপরই পিডিবির লোকজন তাৎক্ষণিক ছুটে গেলেও ইমন নামের এক যুবক সচল লাইনে হাত দেন। এ কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।