বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী আবরার ফাহাদকে হত্যার মাধ্যমে পুরো জাতিকে ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল :রুহুল কবীর রিজভী কার্যকর মক্কা চুক্তি, হুতিদের বিরুদ্ধে সরাসরি লড়বে পাকিস্তান-তুরস্ক ও সৌদি ক্ষুধার্ত বিএনপি এখন পারলে পুরো দেশকেই গিলে ফেলে: সাদিক কায়েম পানির হিস্যায় ভারতকে এক চুলও ছাড় দেবো না: নাহিদ ইসলাম ক্যাম্পাসকে জাহান্নাম বানিয়েছিল ছাত্রলীগ, তারই জেরক্স কপি ছাত্রদল:শিবির সভাপতি চূড়ান্ত সদস্য তালিকা প্রকাশ করেছে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, নির্বাচন ২৫ অক্টোবর কুবি শিক্ষার্থীকে ছিনতাই, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহী নিহত

ক্যাম্পাসকে জাহান্নাম বানিয়েছিল ছাত্রলীগ, তারই জেরক্স কপি ছাত্রদল:শিবির সভাপতি

শিক্ষার্থীদের নিপীড়ন-নির্যাতনের অভিযোগ তুলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ক্যাম্পাসগুলো জাহান্নাম বানিয়ে রেখেছিল ছাত্রলীগ। দুঃখের বিষয়, বর্তমান সরকার ও তাদের ছাত্রসংগঠন (ছাত্রদল) ঠিক আওয়ামীদের জেরক্স কপিতে রূপান্তরিত হয়েছে।

শহীদ আবরার ফাহাদের শাহাদতবার্ষিকী ও নিপীড়নবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও চিত্রপ্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ক্ষতচিহ্নের ক্যানভাস : নির্যাতনের ক্যাম্পাস’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রশিবির।

বুধবার (৭ অক্টোবর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে চিত্রপ্রদর্শনী শুরু হয়। এতে ক্যাম্পাসে সংঘটিত বিভিন্ন নিপীড়ন, নির্যাতন ও সহিংসতার ঘটনা চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়। পরে বিকেল ৩টায় একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ডাকসুর এজিএস মহিউদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম, ডাকসুর ভিপি সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন খান। সঞ্চালনা করেন শাখার সেক্রেটারি কাজী আশিক। এ সময় ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, গত ১৭ বছরে আওয়ামী আমলে শত শত নির্যাতন ও নিপীড়নের ঘটনা ঘটেছে। আওয়ামী ফ্যাসিবাদ ও ভারত একই সূত্রে গাঁথা। ক্যাম্পাসগুলোকে জাহান্নাম বানিয়ে রেখেছিল ছাত্রলীগ। দুঃখের বিষয়, বর্তমান সরকার ও তাদের ছাত্রসংগঠন (ছাত্রদল) ঠিক আওয়ামীদের জেরক্স কপিতে রূপান্তরিত হয়েছে।

বুয়েটে নির্যাতনের শিকার হওয়ার অভিজ্ঞতা তুলে ধরে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম বলেন, আবরার ফাহাদের কথাগুলো আমাদের সবার কথা। সেই স্ফুলিঙ্গ পাঁচ বছর পরে বিশাল আকার ধারণ করে। হাসিনার মসনদ কাঁপিয়ে তাকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। সমালোচনা মানেই শত্রুতা নয়—এটা বর্তমান ক্ষমতাসীনদের বুঝতে হবে।

ডাকসুর ভিপি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. আবু সাদিক কায়েম বলেন, ডাকসুর সবচেয়ে বড় সফলতা হচ্ছে ভায়োলেন্সমুক্ত ক্যাম্পাস। এই মধুর ক্যান্টিনেই দিনের পর দিন শিক্ষার্থীদের নির্যাতন করা হয়েছিল।

তিনি বলেন, আবরার ফাহাদ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন। একই সিলসিলায় কথা বলেছিলেন আমাদের মেজর জিয়া, খালেদা জিয়া, শহীদ ওসমান হাদীসহ জুলাই আন্দোলনকারীরা। এখন এই নতুন বাংলাদেশে আমাদের বুঝতে হবে— আমাদের শত্রু কারা এবং মিত্র কারা।

ডাকসুর জিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এস এম ফরহাদ বলেন, আমাদের ক্যাম্পাসে গত ১৫ বছর যত নির্যাতন হয়েছে, তার প্রাইমারি স্ট্রাকচার ছিল গণরুম ও গেস্টরুম। এই গণরুম ও গেস্টরুমের কালচার ছাত্রলীগ শুরু করেনি, বরং ছাত্রদল শুরু করেছিল। আবারও আমরা বিভিন্ন ক্যাম্পাসে তাদের সেই প্রয়াস দেখতে পাচ্ছি।

সমাপনী বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও ডাকসুর এজিএস মহিউদ্দিন খান বলেন, যারা নতুন করে ক্যাম্পাসে শিক্ষার্থী নির্যাতনের পরিকল্পনা করছে, তাদেরও ছাত্রলীগের মতো ভবিষ্যৎ বরণ করতে হবে। আমরা চাই, সব ছাত্রসংগঠন একত্রে শিক্ষার্থীদের জন্য কাজ করে যাক।

আলোচনা সভায় বক্তারা শিক্ষাঙ্গনে নিপীড়ন, সহিংসতা ও শিক্ষার্থীদের মানবিক মর্যাদাহানি বন্ধের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করে মানবিক ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025