মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

ছাত্রদলের হামলা দেখে পুরোনো রাজনৈতিক সংস্কৃতিতে ফেরার শঙ্কা আসিফের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, এ ঘটনা দেখে মনে হচ্ছে, দেশ আবারও পুরোনো রাজনৈতিক সংস্কৃতির দিকে ফিরে যাচ্ছে।

সোমবার (৫ অক্টোবর) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, একসময় ছাত্রলীগের সন্ত্রাসীরা ক্যাম্পাসে অস্ত্র নিয়ে মহড়া দিত, সাংবাদিকদের ওপর হামলা করত এবং ভিন্নমত দমন করত। এখন একই কায়দায় ছাত্রদলের নেতাকর্মীরা সাংবাদিকদের ওপর হামলা করছে। রাজনৈতিক পরিচয় বদলেছে, কিন্তু হামলার সংস্কৃতি বদলায়নি।

তিনি বলেন, ছবি ও ভিডিওতে হামলাকারীদের পরিচয় স্পষ্ট। হামলায় ছাত্রদলের নেতাকর্মীরা সরাসরি জড়িত। এ ঘটনায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

রাজনৈতিক পরিচয় বদলালেই হামলার সংস্কৃতি বৈধ হয়ে যায় না উল্লেখ করে এনসিপির এই মুখপাত্র বলেন, সাংবাদিকদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও ভিন্নমতের অধিকার কোনো রাজনৈতিক দলের দয়ার বিষয় নয়।

সাংবাদিকদের ওপর হামলা কিংবা ক্যাম্পাসে অস্ত্রের প্রদর্শন—যে পরিচয়ই থাকুক, হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

আসিফ মাহমুদ আরও বলেন, ছাত্রলীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে বাংলাদেশ দাঁড়িয়েছিল, সেই বাংলাদেশে ছাত্রদলের সন্ত্রাসের বিরুদ্ধেও দাঁড়াবে।

পেশাগত দায়িত্ব পালনকালে রোববার (৪ অক্টোবর) রাত ৮টায় সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় গুরুতর আহত চারজনসহ প্রায় ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। হামলায় নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সহ-সভাপতি শরিফুল ইসলাম এবং সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার আলমসহ অনেকে।

এতে গুরুতর আহত হন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান, আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল এবং দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজুসহ কয়েকজন সাংবাদিক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025