বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

অভিনব কায়দায় দেশে ঢুকছিল ১৪ লাখ ইয়াবা, ঠেকিয়ে দিলো বিজিবি

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলায় নৌকায় রশি বেঁধে অভিনব কায়দায় পাচারকালে ১৪ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। এসময় পাচারে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ৬৪ বিজিবির হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ স্লুইস গেট সংলগ্ন এলাকার ঘাটে জেলের ছদ্মবেশে এসব ইয়াবা দেশে ঢোকানোর প্রচেষ্টা চলছিল।

বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ ও পাচারকারীদের আটক করেন বলে জানিয়েছেন উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম।

বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় একটি বড় ইয়াবার চালান বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা চলছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত সংলগ্ন এলাকায় গোয়েন্দা নজরদারি, ড্রোন ও প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণের পাশাপাশি টহল কার্যক্রম জোরদার করা হয়। ৩ ও ৪ সেপ্টেম্বর হ্নীলার অবরাং এলাকা দিয়ে ইয়াবার দুটি ছোট চালানের চেষ্টাকালে দুজন পাচারকারীসহ তিন লাখ ইয়াবা জব্দ করে বিজিবি।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলের ছদ্মবেশে নৌকাযোগে হ্নীলা বিওপির স্লুইস গেট এলাকা দিয়ে প্রবেশের চেষ্টা চালান পাচারকারীরা। এসময় তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় ওত পেতে থাকা বিজিবির বিশেষ টহল দল তাদের চ্যালেঞ্জ করে। তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

পরবর্তী সময়ে তাদের নৌকায় তল্লাশি চালিয়ে ভেতরে কিছু পাওয়া যায়নি। তবে অভিনব কায়দায় দড়ি দিয়ে নৌকার সঙ্গে বাঁধা অবস্থায় পানিতে হালকা ভাসমান কিছু বস্তা দেখা যায়। বস্তাগুলো খুলে প্যাকেটে মোড়ানো ১৪০ কার্ট ইয়াবা জব্দ করে বিজিবি। পরে গুনে ১৪ লাখ পিস ইয়াবা পাওয়া যায়।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, সদর দপ্তরের নির্দেশনায় মাদক চোরাচালানসহ জ্বালানি, ভোজ্যতেল এবং সার পাচার রোধে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025