বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বিএনপি সরকার কাজ করছে। নারীর ক্ষমতায়ন ও শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, বিএনপি চিরকালই নারীর ক্ষমতায়নে বিশ্বাসী।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার সরকারের সময় মেয়েদের উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হয়েছিল। বর্তমান সরকার তা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত অবৈতনিক করার চিন্তাভাবনা করছে। একই সঙ্গে ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে পরিবারের আর্থিক ও সামাজিক ক্ষমতা নারীদের হাতে তুলে দেওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, নারীর ক্ষমতায়ন না হলে সভ্যতা সম্পূর্ণ হয় না। নারীদের রাজনীতি, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে অংশগ্রহণের সক্ষমতাকে সামনে রেখেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল গঠন করেছিলেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, জাতীয়তাবাদী মহিলা দল বাংলাদেশের একটি বৃহত্তম ও শক্তিশালী নারী সংগঠন। নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অত্যাচারের বিরুদ্ধে সংগঠনটি প্রতিবাদ করেছে। নির্যাতনের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানোর পাশাপাশি স্বাধীন মত প্রকাশের জন্য ফেসবুকে লেখালেখি করায় যেসব নারীকে গ্রেফতার করা হয়েছে, তাদের পরিবারের পাশেও জাতীয়তাবাদী মহিলা দল ছুটে গেছে।

তিনি বলেন, আওয়ামী লীগের আমলে খাদিজা, নুসরাতসহ অসংখ্য নারী নির্যাতনের শিকার হয়েছেন। প্রতিটি ঘটনায় জাতীয়তাবাদী মহিলা দল রাজপথে প্রতিবাদ করেছে। অন্যায়ের বিরুদ্ধে তাদের কণ্ঠের আওয়াজ ধ্বনিত হয়েছে।

সম্প্রতি অভিনেত্রী বাঁধনের ওপর হামলার প্রসঙ্গ উল্লেখ করে রিজভী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা নারীদের ওপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালায়, তারা সম্পূর্ণ কাপুরুষ।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দল ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নারী নেত্রীরা উপস্থিত হয়ে জিয়া দম্পতির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025