বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

শিরোনাম :

কোনো অপশক্তিই বিএনপিকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না: দুলু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপিকে যে কোনো অপশক্তির হাত থেকে রক্ষা করতে সব নেতাকর্মী প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, কোনো অপশক্তিই দলকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বনির্ভর বাংলাদেশ গঠনে জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

বিগত ৪৮ বছরে বিএনপিকে নিশ্চিহ্ন করতে দেশীয় ও আন্তর্জাতিকভাবে অনেক চক্রান্ত হয়েছে উল্লেখ করে হুইপ বলেন, শত প্রতিকূলতার পরও বিএনপিকে কেউ দমাতে পারেনি। বিএনপি দিন দিন আরও জনপ্রিয় হয়েছে। দেশে যতবার নিরপেক্ষ নির্বাচন হয়েছে বিএনপি ততবারই জয়লাভ করেছে। মানুষের প্রত্যাশা পূরণে বিএনপি সক্ষম হবে।

বিএনপির কর্মী হিসেবে নিজেকে সৌভাগ্যবান উল্লেখ করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে কাজ করতে পারা অত্যন্ত গর্বের এবং সম্মানের বিষয়। আমৃত্যু এই দলের প্রতি আনুগত্য বজায় রেখে কাজ করতে চাই।

তিনি পলায়নকারী ফ্যাসিস্ট হাসিনার গুম, খুন, জেল, জুলুম, নির্যাতনের নিন্দা করে বলেন, খুনি হাসিনার অপরাধের বিচার এই দেশের মাটিতেই হবে।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবুল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল, কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবীর বেপারী। অনুষ্ঠানে দলের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও বক্তৃতা করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025