মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

বিশ্ববাজারে আবারও বাড়লো তেলের দাম

সৌদি আরবের রাষ্ট্রমালিকানাধীন তেল সংস্থা আরামকোর একটি স্থাপনায় নতুন করে হামলার খবরে বিশ্ববাজারে বেড়ে গেছে জ্বালানি তেলের দাম। ছয় সপ্তাহের মধ্যে এটিই সর্বোচ্চ মূল্য বৃদ্ধি।

সোমবার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৫২ ডলারে উঠেছে। দিনের একপর্যায়ে দাম ৯৭ দশমিক ৯৩ ডলারে পৌঁছায়, যা গত ২৩ জুলাইয়ের পর সর্বোচ্চ।

যুক্তরাষ্ট্রের বাজারে তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৬৮ ডলারে দাঁড়িয়েছে। একপর্যায়ে এর দাম ৯৩ ডলার ছাড়িয়ে যায়, যা জুলাইয়ের শেষের পর সর্বোচ্চ।

ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সৌদি আরামকোর তেল স্থাপনায় নতুন করে হামলা হয়েছে। সৌদি আরবের জিজান শহরের ওই স্থাপনায় ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করা হচ্ছে। সেখানে দৈনিক চার লাখ ব্যারেল তেল পরিশোধনের সক্ষমতাসম্পন্ন একটি শোধনাগার রয়েছে।

তবে হামলাটি কারা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, সপ্তাহ শেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আরও বেড়ে যাওয়ার পর থেকেই তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শনিবার ইরান দুটি মার্কিন নৌযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর মার্কিন সামরিক বাহিনী ইরানের তিনটি তেলবাহী জাহাজে হামলা চালায়।

সেন্টকমের দাবি, ওই তিনটি ইরানি জাহাজ ইরানের বিপ্লবী গার্ড ও দেশটির আঞ্চলিক মিত্রদের অর্থায়নে ব্যবহৃত ‘বহু বিলিয়ন ডলারের ছায়া নেটওয়ার্কের’ অংশ।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা জানিয়েছে। তারা এ ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ এবং ‘অর্থনৈতিক যুদ্ধ’ হিসেবে আখ্যা দিয়েছে।

সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025