মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
জামায়াতের এমপি গ্রেফতারের সময় সরকার ও গণমাধ্যমে যে ধরনের তৎপরতা ও আলোচনা দেখা গেছে, সরকারি দলের এমপি গ্রেফতারের ক্ষেত্রে তা দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
তিনি বলেন, জামায়াতের এমপিকে গ্রেফতার করার সময় আপনাদের যে পরিমাণ জাজবা দেখলাম, গণমাধ্যমে যে পরিমাণ হিউ অ্যান্ড ক্রাই দেখলাম, এখন সরকারি দলের এমপি গ্রেফতার করার ব্যাপারে সে আলোচনা দেখতে পাচ্ছি না কেন?
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিরপুর-১ নম্বরে বৃহস্পতিবার মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, গাজী নজরুল ইসলামকে তো নগদে ধরে ভেতরে ঢুকিয়ে ফেলেছেন, রাইটলি করছেন, কোনো সমস্যা নেই। যিনি অন্যায় করবেন, তাকেই আইনের আওতায় আনতে হবে। তাহলে সেটা কেন করা হচ্ছে না?
তিনি বলেন, রাজনৈতিক বক্তব্য দিয়ে প্রতিটি ঘটনায় আওয়ামী লীগ-জামায়াত-বিএনপির সম্পৃক্ততার প্রসঙ্গ তোলা পুরোনো রাজনীতি। এসব বক্তব্য থেকে বেরিয়ে আসা প্রয়োজন।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে ফুয়াদ বলেন, দেশের সব বিরোধী দলই চায় সরকার সফল হোক এবং দেশ ভালোভাবে পরিচালিত হোক। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে রাজনৈতিক দুর্বৃত্তপনা ও জননিরাপত্তাহীনতা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, শুধু লোক দেখানো গ্রেফতার নয়, অন্যায় যেই করুক তাকে আইনের আওতায় আনতে হবে। দলীয় পরিচয় বিবেচনা না করে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
হাসপাতালে হামলা, ভাঙচুর ও সরঞ্জাম লুটের অভিযোগের প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ বলেন, কোটি কোটি টাকার ইনস্ট্রুমেন্ট এখান থেকে চুরি করা হয়েছে। পুলিশের গাড়ির সামনে, আমরা দেখেছি সিসিটিভি ফুটেজে। এখান থেকে হাসপাতালের ফার্নিচার এবং ইকুইপমেন্টগুলো চুরি করে ট্রাকে উঠানো হচ্ছে।
ঘটনার সঙ্গে প্রশাসনের কোনো অংশের সম্পৃক্ততা বা নিষ্ক্রিয়তা ছিল কি না, তা খতিয়ে দেখারও দাবি জানান তিনি। পাশাপাশি হাসপাতালের ক্ষতিগ্রস্ত স্টাফদের নিরাপত্তা ও মানসিক সহায়তা দেওয়ার আহ্বান জানান।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে ব্যারিস্টার ফুয়াদ বলেন, হাসপাতালটি পুনর্গঠন এবং এর ভবিষ্যৎ কার্যক্রম নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে বিদেশি দাতা সংস্থাগুলোর উদ্বেগ দূর করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।