শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

লংমার্চ সফল করে জনগণ ৬ দফা মানতে সরকারকে বাধ্য করবে: শাহজাহান

আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করে জনগণ সরকারকে ৬ দফা দাবি মানতে বাধ্য করবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটের একটি হোটেলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মুহাম্মদ শাহজাহান বলেন, একের পর এক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে। নিজেদের ব্যর্থতা আড়াল করতে সরকার জনবিরোধী কর্মকাণ্ড করতেও দ্বিধা করছে না। তেল, গ্যাসসহ জ্বালানি সংকটে জনজীবন হুমকির মুখে পড়েছে। সংকট মোকাবিলায় দলীয় সংকীর্ণতা পরিহার করে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ইউনিট পর্যায়ে সংগঠনের দাওয়াত বাড়িয়ে সংগঠন সম্প্রসারণে দায়িত্বশীলদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য মাওলানা মোস্তফিজুর রহমান।

জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, অ্যাডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা নুরুল হোসাইন, অধ্যাপক মাহমুদুল হাছান, জেলা কর্মপরিষদ সদস্য নুরুল হক, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, আ ক ম ফরিদুল আলম, অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদীসহ উপজেলা ও থানা পর্যায়ের নেতারা।

মাওলানা মোস্তফিজুর রহমান বলেন, ৬ দফা বাস্তবায়নের জন্য জনগণ উন্মুখ হয়ে আছে। আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চ জনসমুদ্রে পরিণত হবে বলে আশা করছি। সরকারকে দ্রুত জনবান্ধব দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি। অন্যথায় আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে সরকারকে দাবি মানতে বাধ্য করবে।

সভাপতির বক্তব্যে আনোয়ারুল আলম চৌধুরী বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের গড়িমসি জনগণকে আবারও রাজপথে নামতে বাধ্য করেছে। আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের লংমার্চের মাধ্যমে সরকারকে গণভোটের গণরায় মানতে বাধ্য করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025