সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
সোমবার(২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৩৮।
এর মধ্যে নিশ্চিত হামে ৯৯ জন ও হামের উপসর্গ নিয়ে ৮৩৯ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৩ জন এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছে।
একই সময়ে ৮৩ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৪৮৭ জন।
এছাড়া ২৪ ঘণ্টায় এক হাজার ১৪৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫০ হাজার ৬৫২ জনে।