বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো পুলিশ পরিদর্শকের

ফরিদপুরে নিজ বাড়ির ছাদে বিদ্যুৎস্পৃষ্টে মো. আবীর হোসেন (৫৫) নামে পুলিশের এক পরিদর্শকের মৃত্যু হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন এক ইলেকট্রিশিয়ান।

শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার খোদাবক্স রোডে নিজের চারতলা বাড়ির ছাদে এ ঘটনা ঘটে।

নিহত মো. আবীর হোসেন শরীয়তপুর জেলার নড়িয়া সার্কেল অফিসে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের আবু বকর মোল্লার ছেলে। কর্মস্থল থেকে ছুটিতে বৃহস্পতিবার তিনি ফরিদপুরে নিজ বাড়িতে আসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নিজের নতুন বাড়ির চারতলার ছাদে বিদ্যুতের কাজ চলছিল। এ সময় ইলেকট্রিশিয়ান আব্দুল আজিজ (২৫) বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন পুলিশ পরিদর্শক আবীর হোসেন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত ইলেকট্রিশিয়ান আব্দুল আজিজকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ফরিদপুর শহরে নিজের নতুন বাড়ির চারতলার ছাদে বিদ্যুতের কাজ চলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ পরিদর্শক আবীর হোসেন মারা যান। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025