মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
চট্টগ্রাম নগরের ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত রেয়াজউদ্দিন বাজার পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। এসময় তিনি বলেন, জলাবদ্ধতার স্থায়ী সমাধান না হলে প্রতিবছরই মানুষকে এ ক্ষতির শিকার হতে হবে।
সোমবার (১৭ আগস্ট) জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নিতে তিনি বাজারটি পরিদর্শন করেন।
এদিন ভারী বর্ষণের কারণে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। এতে রেয়াজউদ্দিন বাজারের বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ে। আকস্মিক জলাবদ্ধতায় বিপুল পরিমাণ পণ্য, মালামাল ও ব্যবসায়িক সরঞ্জাম নষ্ট হয়ে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েন।
পরিদর্শনকালে মুহাম্মদ নজরুল ইসলাম ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন। একইসঙ্গে তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে সংকটের সময়ে পাশে থাকার আশ্বাস দেন।
মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা দীর্ঘদিনের একটি ভয়াবহ সমস্যা। প্রতিবছর বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়। এতে সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ীরাও ব্যাপক ক্ষতির শিকার হচ্ছেন।
তিনি বলেন, রেয়াজউদ্দিন বাজারের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় জলাবদ্ধতার কারণে ব্যবসায়ীদের কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি অত্যন্ত উদ্বেগজনক।
জলাবদ্ধতা নিরসনে কার্যকর, সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে চট্টগ্রাম মহানগর জামায়াতের অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, কোতোয়ালী থানা জামায়াতের আমির আমির হোসাইন, সেক্রেটারি মোস্তাক আহমদ এবং তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ সরওয়ার কামালসহ স্থানীয় ব্যবসায়ী ও জামায়াতের অন্যান্যরা উপস্থিত ছিলেন।