সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ছড়িয়ে দিতে জাবিতে শিবিরের মিনি ম্যারাথন পাঁচ জেলায় বন্যার শঙ্কা আওয়ামী লীগের নাশকতার মুরোদ আছে বলে মনে হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী আগুন নেভাতে গিয়ে আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ বিএনপি নেতার ইয়াবা ও গাঁজা সেবনের ভিডিও ভাইরাল স্থানীয় সরকার নির্বাচনে ভোট নিয়ে কারচুপি করলে কঠোর জবাব দেওয়া হবে:সেলিম উদ্দিন পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩ বেনজীরের জামিন বাতিলে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর আহমেদ জুলাইয়ের রাজনৈতিক সংকট ও বিভাজনের জন্য সরকার দায়ী: নাহিদ ইসলাম

পাঁচ জেলায় বন্যার শঙ্কা

আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ভারী বৃষ্টিপাতের কারণে কয়েকটি নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

রোববার (২ আগস্ট) প্রকাশিত বন্যা পরিস্থিতি ও পূর্বাভাসে বলা হয়, আগামী তিন দিনে তিস্তা ও দুধকুমার নদীর কয়েকটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে উঠতে পারে। এর ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার বিভিন্ন এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া ধরলা নদীর পানিও কয়েকটি স্থানে সতর্কসীমা স্পর্শ করতে পারে। এতে লালমনিরহাট ও কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, একই সময়ে সুরমা-কুশিয়ারা অববাহিকার সিলেট ও সুনামগঞ্জ এবং সোমেশ্বরী-ভুগাই-কংস অববাহিকার শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার কিছু নিম্নাঞ্চলেও সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে। বর্তমানে কেবল কুশিয়ারা নদীর সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রটি।

আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী দুই দিন সিলেট ও রংপুর বিভাগ এবং উজান এলাকায় মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তৃতীয় দিনেও রংপুর বিভাগ ও উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে।

গত ২৪ ঘণ্টায় সুরমা ও কুশিয়ারা নদীর পানি বেড়েছে। এই প্রবণতা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে। এ সময়ে সিলেট ও সুনামগঞ্জের কয়েকটি স্থানে নদীর পানি সতর্কসীমা ছুঁতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। তবে কুশিয়ারা নদীসংলগ্ন সিলেটের বিদ্যমান বন্যা পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025