রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি জুলাইয়ের গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তারা।
শনিবার (১ আগস্ট) বিকেলে চট্টগ্রামের বহদ্দারহাট মোড়ে চট্টগ্রাম মহানগর জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে এ দাবি জানানো হয়। পরে বহদ্দারহাট থেকে এক বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুরাদপুর মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, নির্বাচনের আগে গণভোটের পক্ষে প্রচারণা চালানো হলেও এখন সেই অঙ্গীকার বাস্তবায়ন করা হচ্ছে না। তিনি অভিযোগ করেন, দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয়করণের কারণে জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে না
হামিদুর রহমান আযাদ আরও বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে দেশব্যাপী আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, জুলাই আন্দোলনে নিহত ও নির্যাতিতদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। একই সঙ্গে তিনি ওসমান হাদিসহ সব শহীদের হত্যার বিচার দাবি করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম। সমাবেশ পরিচালনা করেন মহানগর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ। বক্তব্য দেন- মহানগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, ফয়সল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চাকসুর সাবেক ভিপি ইব্রাহিম হোসেন রনি, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, শফিউল আলম, জুলাই আন্দোলনের শহীদ ফয়সাল আহমেদ শান্তর পিতা জাকির হোসাইন প্রমুখ।
সমাবেশে মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।