শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
কুমিল্লার চৌদ্দগ্রামে বেতন বাড়ানোসহ সাত দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেন অবরোধ করে বিক্ষোভ করেছেন জেএমআই সিরিঞ্জ কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবারে (৩০ জুলাই) এ বিক্ষোভ চলাকালে একাধিকবার কারখানার মূল ফটক ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন শ্রমিকরা। ইট নিক্ষেপে কারখানার গ্লাস ভেঙে দেওয়া হয়। টানা ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আশ্বাসে মহাসড়কের অবরোধ তুলে নেন শ্রমিকরা।
আন্দোলনরত শ্রমিকরা জানান, ২০২৪ সালে শ্রমিকদের আন্দোলন শেষে দাবি মানার আশ্বাস দিলে তারা কাজে যোগ দেন। কিন্তু সেই দাবিগুলোর বেশিরভাগই মানা হয়নি। এরই পরিপ্রেক্ষিতে সোমবার (২৭ জুলাই) কাজ বন্ধ করে বেতন-ভাতা বৃদ্ধি, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, আলাদা নামাজের ব্যবস্থা করাসহ সাত দফা দাবিতে আন্দোলনে নামেন তারা।
কারখানার মালিক গোলাম মোস্তফা জানান, শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে ইউএনও, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বিএনপি- জামায়াতের নেতাদের উপস্থিতিতে শ্রমিকদের প্রতিনিধিদের নিয়ে বৈঠক হয়। দাবি মানার আশ্বাসে শ্রমিক প্রতিনিধিরা বৈঠক ত্যাগ করেন এবং কাজে যোগদানের সিদ্ধান্ত নেন। কিন্তু শ্রমিকদের ছোট্ট একটা অংশ আবারও বিশৃঙ্খলা শুরু করে।
তিনি আরও বলেন, বর্তমানে বেতন বাড়ানোর দাবি মানা তার পক্ষে সম্ভব হবে না। প্রয়োজনে তিনি কারখানা বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে ইউএনও মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, শ্রমিকরা সাময়িক সময়ের জন্য রাস্তা অবরোধ করেন। পরে তাদের আশ্বস্ত করলে তারা অবরোধ তুলে নেন।