শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

নির্বাচন ভালো হয়েছে, কিন্তু ফলাফল জালিয়াতি করা হয়েছে: আব্দুল হালিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম বলেছেন, দেশের জাতীয় নির্বাচন ভালো পরিবেশে হয়েছে কিন্তু ফলাফল জালিয়াতি করা হয়েছে। তবে এই পরিস্থিতিতে নেতাকর্মীদের ধৈর্য হারালে চলবে না। আগামী দিনে এ দেশের জনগণের মন জয় করেই জামায়াতে ইসলামী ক্ষমতার মসনদে বসবে।

শুক্রবার (২৪ জুলাই) গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামী আয়োজিত উপজেলা কর্মপরিষদ সদস্য শিক্ষা শিবির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আব্দুল হালিম আরও বলেন, দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটের রায় বাস্তবায়ন চায়। অথচ বিএনপি জাতীয় নির্বাচন মানলেও গণভোটের রায় মানে না। তারা সবসময় সংবিধানের দোহাই দেয়। আমাদের প্রশ্ন, আপনারা যে সংবিধানের দোহাই দেন, সে অনুযায়ী তো ২০২৯ সালের জাতীয় নির্বাচন হওয়ার কথা। বিএনপি মানুষের ভোটের সাথে প্রতারণা করেছে।

এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার আমির ও এমপি আব্দুল করিম। বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যাপক মততাজ উদ্দিন সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

এসময় অন্যান্যের মধ্য বক্তব্য দেন গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমির ডা. আব্দুল রহিম, জেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. সৈয়দ রোকনুজ্জামান এবং সহকারী সেক্রেটারি মো. ফয়সাল কবীর রানাসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কর্মপরিষদ সদস্যরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025