বুধবার, ২২ Jul ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ২৩ জুলাই মিরপুরে জামায়াতের জনসভা

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে আগামী ২৩ জুলাই (বৃহস্পতিবার) রাজধানীর মিরপুর-১০ এলাকায় জনসভা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন এ কর্মসূচির ঘোষণা দেন।

মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী বৃহস্পতিবার বিকেল ৪টায় মিরপুর-১০ এলাকায় এ জনসভা অনুষ্ঠিত হবে। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ জনসভার আয়োজন করা হয়েছে।

আতাউর রহমান আরও জানান, জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির এবং ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।আয়োজকদের ভাষ্য, এ জনসভায় মূলত জামায়াতের মিরপুর জোনের নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষের অংশগ্রহণে কর্মসূচিটি অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025