বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
চুয়াডাঙ্গা সীমান্তে বিদেশি পিস্তল-ভারতীয় সিরাপ জব্দ চাচাতো ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বোনেরও রাঙ্গামাটির সব প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা কুমিল্লায় কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২ ৭৫ লাখ আমানতকারীর আমানত সুদসহ ফেরত দেওয়া হবে, তবে সময় লাগবে: সংসদে অর্থমন্ত্রী ডেঙ্গু নিয়ন্ত্রণে রাজধানীর সব স্কুলে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের সিদ্ধান্ত উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে দেশ গড়া সরকারের লক্ষ্য:প্রধানমন্ত্রী ঢল ও পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ, আশ্রয়কেন্দ্রে দুই শতাধিক পরিবার ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের সরাতে মাঠে নেমেছে প্রশাসন ভারী বৃষ্টি অব্যাহত, কক্সবাজারে পাহাড়ধসে নিহত বেড়ে ১৯

ডেঙ্গু নিয়ন্ত্রণে রাজধানীর সব স্কুলে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের সিদ্ধান্ত

ডেঙ্গু প্রতিরোধে রাজধানীর সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের উদ্যোগ নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। এ লক্ষ্যে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করে বুধবার (৮ জুলাই) জেলা প্রশাসক ফরিদা খানম স্বাক্ষরিত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

জেলা প্রশাসন জানায়, প্রধান উপদেষ্টার কার্যালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিদ্ধান্তের আলোকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হলো শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার জন্য পরিচ্ছন্ন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ জোরদার করা।

অফিস আদেশ অনুযায়ী, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ কার্যদিবসের মধ্যে ‘ক্লিন স্কুল টিম’ গঠন করে কার্যক্রম শুরু করতে হবে।

টিমের সভাপতি থাকবেন প্রতিষ্ঠানপ্রধান। সদস্য হিসেবে থাকবেন একজন অভিভাবক প্রতিনিধি, সংশ্লিষ্ট ওয়ার্ডের স্যানিটারি পরিদর্শক (সিটি করপোরেশন এলাকায়) অথবা উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদের প্রতিনিধি এবং দুজন শিক্ষার্থী। সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন একজন শিক্ষক।

টিমকে নিয়মিত বিদ্যালয় ভবন, শ্রেণিকক্ষ, ছাদ, ড্রেন, ফুলের টব, পরিত্যক্ত পাত্র এবং যেখানে পানি জমে এডিস মশার প্রজনন হতে পারে—এমন সব স্থান পরিদর্শন ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কার্যক্রম পরিচালনা করতে হবে।

এছাড়া শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ডেঙ্গু বিষয়ে সচেতনতা বাড়াতে প্রচার-প্রচারণা চালানো এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহ দিতে পুরস্কারের ব্যবস্থাও রাখতে বলা হয়েছে।

একই সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার সময় শিক্ষার্থীদের নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কোনো অবস্থায়ই তাদের দিয়ে ঝুঁকিপূর্ণ বা অস্বাস্থ্যকর বর্জ্য অপসারণের কাজ করানো যাবে না বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ডেঙ্গু মোকাবিলা শুধু স্বাস্থ্য বিভাগের দায়িত্ব নয়; এটি একটি সামাজিক আন্দোলন। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য বিষয়ে দায়িত্বশীল হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য। তিনি এডিস মশার প্রজননের সুযোগ সৃষ্টি হয়— এমন কোনো পরিবেশ যাতে না থাকে, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025