রবিবার, ২৮ Jun ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রুমা আক্তার সীমা (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) দিনগত রাত ১১টার দিকে উপজেলার কধুরখীল ইউনিয়নের শরীফপাড়া এলাকার আলী চান তালুকদার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রুমা আক্তার সীমা প্রবাসী জানে আলমের স্ত্রী। তাদের সাত বছর বয়সী এক ছেলে ও দুই বছর বয়সী এক মেয়ে রয়েছে।
নিহতের ভাই সাকিব দাবি করেন, সীমার স্বামী প্রবাসে থাকেন। তার শ্বশুর দ্বিতীয় বিয়ে করার পর থেকে শ্বশুর ও তার দ্বিতীয় স্ত্রী মিলে সীমাকে মানসিকভাবে নির্যাতন করতেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।