রবিবার, ২৮ Jun ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্যদিয়ে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, এ সফরে দুই দেশ ‘অভিন্ন ভবিষ্যতের বাংলাদেশ-চীন সম্প্রদায়’ গঠনে সম্মত হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক আগের যে কোনো সময়ের তুলনায় আরও ঘনিষ্ঠ ও সর্বোচ্চ বন্ধুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রীর অবস্থানকালীন বিভিন্ন ছবি ও ভিডিওতে বাংলাদেশের গুরুত্ব প্রতিফলিত হয়েছে, যা কুয়ালালামপুর ও বেইজিংয়ের সঙ্গে ঢাকার সম্পর্ককে আরও জোরদার করেছে।
সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, হুমায়ুন কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হুমায়ুন কবির বলেন, রাজনৈতিক পর্যায়ে সহযোগিতা জোরদারে দুই পক্ষ দলীয় পর্যায়ে একটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছে, যা আনুষ্ঠানিক অংশীদারত্ব গড়ে তুলতে সহায়ক হবে।
তিনি বলেন, বাংলাদেশ ও চীন সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা, পানিসম্পদ পরিকল্পনা, জলবিদ্যাগত পূর্বাভাস, বন্যা প্রতিরোধ ও দুর্যোগ ঝুঁকি হ্রাস, নদী খনন এবং সংশ্লিষ্ট প্রযুক্তি বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করতে সম্মত হয়েছে।
মালয়েশিয়া ও চীন সফর শেষে শুক্রবার (২৬ জুন) রাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যদিয়ে দুই দেশে তার ছয় দিনের প্রথম রাষ্ট্রীয় সফর শেষ হয়।