রবিবার, ১৪ Jun ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫৬ জনে।
শনিবার (১২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৬৩ জনের শরীরে।
এছাড়া এ ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ৭৬৩ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছে ৯২ শিশু। আর হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৮ জনে।
এ সময়ের মধ্যে দেশে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১০ হাজার ২৪৮ জন। পাশাপাশি সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ হাজার ৮৯৯ জনে।