রবিবার, ০৭ Jun ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। এ পর্যন্ত ৭৮টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৩২ জন হাজি। অন্যদিকে হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪৮ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিন অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৯ হাজার ৫০৪ জন রয়েছেন।
হাজিদের ফিরিয়ে আনতে এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৮টি, সৌদি এয়ারলাইন্স ৩১টি এবং ফ্লাইনাস ১৯টি ফ্লাইট পরিচালনা করেছে।
এদিকে সৌদি আরবে মৃত্যুবরণ করা ৪৮ বাংলাদেশি হাজির মধ্যে ৩২ জন পুরুষ এবং ১৬ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১২ জন এবং জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে।
হজ বুলেটিনে আরও জানানো হয়, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে মোট ৩৬০ জন বাংলাদেশি হাজি চিকিৎসাসেবা নিয়েছেন। বর্তমানে ২৩ জন হাজি বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজে অংশ নেন।
উল্লেখ্য, বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ২১ মে। আর ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।