বৃহস্পতিবার, ০৪ Jun ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

আইএমএফের কাছে অর্থ সহায়তা চাইলো বাংলাদেশ

দেশের চলমান অর্থনৈতিক সংস্কার কার্যক্রমকে সমর্থন দিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর কাছে একটি নতুন আর্থিক সহায়তা কর্মসূচির আবেদন করেছে বলে জানিয়েছেন আইএমএফের বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রজনার। বুধবার (০৩ জুন) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইএমএফ।

এতে ক্রজনার বলেন, নতুন কর্মসূচি বিবেচনার অংশ হিসেবে আইএমএফের কর্মকর্তারা বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে তাদের সংস্কার পরিকল্পনা এবং নীতিগত অগ্রাধিকার নিয়ে আলোচনা করছেন।

তিনি জানান, ২০২৩ সালের জানুয়ারিতে অনুমোদিত এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি, এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি এবং রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটির অধীনে চলমান কর্মসূচিগুলো একটি কঠিন সময়ে গুরুত্বপূর্ণ নীতিগত ভিত্তি হিসেবে কাজ করেছে। তবে বর্তমানে দেশের সামষ্টিক অর্থনীতি ও রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে, যার ফলে নতুন করে সংস্কার প্রচেষ্টা প্রয়োজন।

বিবৃতিতে ব্যাংকিং খাতের দুর্বলতা এবং রাজস্ব আহরণের নিম্ন হার প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা দীর্ঘমেয়াদি সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে।

এতে জানানো হয়, নতুন কর্মসূচির জন্য এই আবেদন আইএমএফ এবং বাংলাদেশের মধ্যে এমন একটি কাঠামো তৈরির সুযোগ তৈরি করেছে যা বর্তমান অর্থনৈতিক বাস্তবতার প্রতিফলন ঘটাবে এবং কর্তৃপক্ষের অগ্রাধিকারকে অন্তর্ভুক্ত করবে। যে কোনো নতুন কর্মসূচি দেশের বৈদেশিক লেনদেনের প্রয়োজনের ওপর নির্ভর করবে এবং এর জন্য শক্তিশালী নীতিগত প্রতিশ্রুতি, বিশ্বাসযোগ্য সংস্কার পরিকল্পনা এবং আইএমএফ নির্বাহী বোর্ডের অনুমোদন প্রয়োজন হবে।

এতে আরও জানানো হয়, বাংলাদেশে একটি আইএমএফ স্টাফ মিশন পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে, যেখানে সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা, নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা এবং ভবিষ্যৎ অর্থনৈতিক চ্যালেঞ্জ মূল্যায়ন করা হবে। সম্ভাব্য নতুন কর্মসূচির আকার এবং সংস্কার প্রতিশ্রুতি নিয়ে বিস্তারিত আলোচনা পরবর্তীতে আনুষ্ঠানিক আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।

এছাড়া, আইএমএফ বাংলাদেশকে টেকসই সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন, সক্ষমতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025