বুধবার, ০৩ Jun ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সিলেটের আলোচিত অপহরণ, ধর্ষণচেষ্টা ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার চার বছরের শিশু ফাহিমা আক্তারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২ জুন) নিহত ফাহিমার বাড়িতে গিয়ে তিনি শোকসন্তপ্ত বাবা-মায়ের সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং এ মর্মান্তিক ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
সাক্ষাৎকালে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম এবং সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানসহ স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এ সময় জামায়াত আমির বলেন, শিশু ফাহিমার ওপর সংঘটিত এই নৃশংস ঘটনা পুরো জাতিকে ব্যথিত করেছে। তিনি বলেন, বিচারহীনতা এবং বিলম্বিত বিচারের কারণে এ ধরনের ঘটনা বারবার ঘটছে। ফাহিমার বিচার ১৫ দিনের মধ্যে সম্পন্ন করে অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
পরিবারের সদস্যরা তাঁদের সন্তান হারানোর বেদনা ও ঘটনার বিভিন্ন দিক বিরোধীদলীয় নেতার কাছে তুলে ধরেন। তিনি তাঁদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার ব্যাপারে আশ্বাস প্রদান করেন।