শনিবার, ২৩ মে ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ছাত্র আন্দোলনের সাবেক জনশক্তির প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, দ্বীন কায়েমই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য, তাই জীবনের শেষদিন পর্যন্ত দ্বীনে হক্বের ওপর অবিচল থেকে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে গতিশীল ও বেগবান করতে হবে।
শুক্রবার (২২মে) রাজধানীর একটি মিলনায়তেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর হাতিরঝিল অঞ্চল আয়োজিত ছাত্র ইসলামী আন্দোলনের সাবেক জনশক্তিদের প্রীতি সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, ইসলামী আন্দোলনের পথচলা অতীতে যেমন ফুল বিছানো ছিলো না, এখনো নয়। এক সমস্যা-সঙ্কুল, কন্টকাকীর্ণ ও সংকীর্ণ পথেই ইসলামী আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিতে হয়েছে। যুগে যুগে যারাই মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছেন তাদের ওপরই নেমে এসেছে অবর্ণনীয় জুলুম-নির্যাতন।
তিনি বলেন, নবী-রাসূলগণও বিরুদ্ধবাদী কুফরি শক্তির হাত থেকে রেহাই পাননি। তাদের কাউকে কাউকে হত্যাও করা হয়েছে। বিশ্বনবী সা:-কেও রেহাই দেয়া হয়নি; কাফেরদের নির্মম নির্যাতনে তাকে জন্মভূমি থেকে মদিনায় হিজরত করতে হয়েছে। ইতিহাসের সে ধারাবাহিকতায় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার আমাদের শীর্ষনেতাদের নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করেছে। অথচ আল্লাহর ওপর ঈমান আনাই ছিল তাদের বড় অপরাধ।
তিনি শহীদদের স্বপ্ন বাস্তবায়ন এবং অসমাপ্ত কাজ সমাপ্ত করতে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।
সেলিম উদ্দিন বলেন, ইসলামী আন্দোলনে কারো পক্ষে অবসর নেয়ার সুযোগ নেই। কারণ, এ কাজ আমাদের প্রত্যেকের ওপরই ফরজ করে দেয়া হয়েছে। প্রত্যেক নবী-রাসূলগণই এ মিশন ও ভিশন নিয়েই দুনিয়াতে প্রেরিত হয়েছিলেন। রাসূল স:-ও একই দায়িত্ব নিয়ে দুনিয়াতে এসেছিলেন এবং তার আসহাবগণও সে দায়িত্ব পালন করে গেছেন। আল্লাহ তায়ালার খলিফা হিসেবে সে দায়িত্ব এখন আমাদের ওপর চেপেছে।
তিনি বলেন, মূলত, মানবরচিত বিধান দিয়ে মানুষের কল্যাণ সম্ভব নয়। তাই কোরআন-সুন্নাহর আদের্শের ভিত্তিতে পুরো বিশ্বকেই পরিবর্তনের জন্য আমাদের নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। এ দায়িত্ব থেকে অব্যহতি নেয়া বা পিছপা হওয়ার কোনো সুযোগ নেই।
তিনি জীবনকে দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে ঐক্যবদ্ধ থাকতে সকলের প্রতি আহ্বান জানান। তাহলে পুরো বিশ্বই বর্ণিল হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও অঞ্চল পরিচালক হেমায়েত হোসাইনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সহকারী অঞ্চল পরিচালক আতাউর রহমান সরকারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন তেজগাঁও দক্ষিণ থানা আমির ইঞ্জিনিয়ার নো’মান আহমেদি, হাতিরঝিল পূর্ব থানা আমির জিল্লুর রহমান, পশ্চিম আমির নুরুল ইসলাম আকন্দ, শিল্পাঞ্চল থানা আমীর কলিম উল্লাহ ও তেজগাঁও উত্তর থানা আমির আহসান উল্লাহ প্রমুখ।