শনিবার, ২৩ মে ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ মে) দুপুরে জেলা কালেক্টর মসজিদে জুমার নামাজ শেষে এ ঘটনা ঘটে। এ সময় তার দিকে ডিম নিক্ষেপ করা হয়।
এছাড়া হামলাকারীরা তার মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর তিনি থানায় অবস্থান করছেন এবং এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে কথা বলতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর পেছন দিক থেকে কিছু যুবক ডিম নিক্ষেপ করে ও হামলা চালায়। এতে এনসিপির কয়েকজন স্থানীয় নেতা আহত হন।
ঘটনার পর এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ করেন এবং থানায় অবস্থান নিয়ে মামলা করার দাবি জানান। পরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।
এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপি নেতা সারজিস আলম অভিযোগ করে বলেন, জুমার নামাজ শেষে ঝিনাইদহে ছাত্রদলের নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এতে কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও তিনি দাবি করেন।