বুধবার, ২০ মে ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
অস্ট্রেলিয়ায় প্রবাসী সমাজকর্মী মাসুম বিল্লাহর সম্মাননা অর্জন লস অ্যাঞ্জেলেসে দাবানল, হাজার হাজার বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ পশ্চিমবঙ্গে কোরবানি বন্ধের চেষ্টা হলে লাখো মানুষ নিয়ে প্রতিরোধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রে মসজিদে দুই কিশোরের বন্দুক হামলা, নিহত ৫ অস্ট্রেলিয়ায় স্ত্রী ও সন্তানদের হত্যার পর পুলিশে ফোন বাংলাদেশির গাইবান্ধায় পিকআপ-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ পল্লবীতে ৮ বছরের শিশুকে গলাকেটে হত্যা, দম্পতি গ্রেফতার চিকিৎসকদের নিরাপত্তায় আইন চাইলেন ডা. ফরহাদ হালিম ডোনার পতেঙ্গায় ১৭ হাজার লিটার জ্বালানি-ভোজ্যতেল জব্দ মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত সেক্রেটারি

চিকিৎসকদের নিরাপত্তায় আইন চাইলেন ডা. ফরহাদ হালিম ডোনার

চিকিৎসকদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার। একই সঙ্গে রোগীদের সুরক্ষার জন্যও আলাদা আইন করার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (১৮ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। চিকিৎসক ও স্বাস্থ্যসেবায় কর্মরতদের নিরাপত্তা এবং নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা ও শরীয়তপুরে আক্রান্ত ডা. নাসিরসহ সারাদেশে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে হামলার সঙ্গে জড়িত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।

ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, দেশের হাসপাতালগুলোতে দীর্ঘদিন ধরেই রোগীর চাপের তুলনায় জনবল ও অবকাঠামো সংকট। উদাহরণ হিসেবে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কথা উল্লেখ করে বলেন, সেখানে বেডের সংখ্যা ১ হাজার ৭০০ হলেও অনেক সময় রোগীর সংখ্যা ৪ থেকে ৫ হাজার পর্যন্ত হয়। অথচ চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীর সংখ্যা নির্ধারিত রয়েছে ১ হাজার ৭০০ বেড অনুযায়ী।

তিনি বলেন, একটা বেডে দুজন, কোনো সময় তিনজন পর্যন্ত রোগী থাকে। এই অবস্থার মধ্যেও ডাক্তাররা কাজ করছেন। এটা একটা মিরাকাল।

করোনাভাইরাস মহামারির সময় চিকিৎসকদের ভূমিকার কথা তুলে ধরে ডা. ডোনার বলেন, অনেক চিকিৎসক নিজের পরিবারের সদস্যদের সংক্রমণ থেকে রক্ষা করতে বাসায় না গিয়ে রোগীদের সেবা দিয়েছেন। ডাক্তার জানেন যে তিনিও আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। তারপরও রোগী দেখেছেন। নার্সরা গেছেন, স্বাস্থ্যকর্মীরা গেছেন। বাংলাদেশের ডাক্তাররা সাহস নিয়ে কাজ করেছেন।

সম্প্রতি চিকিৎসকদের ওপর হামলার ঘটনাকে উদ্বেগজনক উল্লেখ করে তিনি বলেন, গত এক মাসে ছোট-বড় মিলিয়ে ২৮টি ঘটনা ঘটেছে। একটি ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, একজন চিকিৎসককে আঘাত করে মাথায় গুরুতর জখম ও হাতে ফ্র্যাকচার করা হয়েছে। বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায়।

ডা. ডোনার বলেন, আমরা স্পষ্ট করে সরকারকে বলছি, চিকিৎসকদের নিরাপত্তার জন্য স্বাস্থ্য সুরক্ষা আইন তৈরি করেন। শুধু ডাক্তারদের জন্য নয়, রোগীদের জন্যও আইন করেন। কোনো ডাক্তার অবহেলা করলে তার বিচার কীভাবে হবে, সেটাও আইনে নির্ধারণ করা উচিত।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, চিকিৎসকদের নিরাপত্তাহীনতা চলতে থাকলে ভবিষ্যতে চিকিৎসাসেবায় সংকট তৈরি হতে পারে। অনেক নতুন চিকিৎসক বিদেশে চলে যেতে পারেন অথবা দেশে কাজ করতে অনাগ্রহী হয়ে পড়তে পারেন।

তিনি বলেন, একটা সময় আসবে, যারা ডাক্তারি পড়তে চান তারা হয়তো বলবেন বিদেশে গিয়ে পড়বো, এই দেশে ডাক্তারি করবো না।

সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রশংসাও করেন ডা. ডোনার। তিনি বলেন, সাম্প্রতিক ঘটনায় দ্রুত হেলিকপ্টার পাঠিয়ে আহত চিকিৎসককে ঢাকায় আনার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া চিকিৎসকদের নিরাপত্তা জোরদারে সরকার কিছু উদ্যোগ নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ডা. ডোনার বলেন, আমাদের গার্মেন্টসের জন্য শিল্পপুলিশ আছে। স্বাস্থ্যখাতের বর্তমান পরিস্থিতিতে আলাদা স্বাস্থ্য পুলিশ বাহিনী তৈরি করা দরকার।

গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ঘটনা প্রকাশের আগে তা যাচাই করা উচিত।

চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জানান বিএনপি চেয়ারম্যানের এই উপদেষ্টা।

মানববন্ধনে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ ড্যাবের সভাপতি-সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025