মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে এ নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে নির্বাচনি সাংবাদিকদের সংগঠনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, যেহেতু এবার দলীয় প্রতীক ব্যবহার করা হবে না, তাই নির্বাচন পরিচালনা বিধি ও আচরণবিধিতে প্রয়োজনীয় পরিবর্তনের কাজ চলছে।
তিনি বলেন, দলীয় প্রতীক না থাকলেও বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে নিজেদের সমর্থিত প্রার্থীর পক্ষে অবস্থান নিচ্ছে। এতে নির্বাচন উত্তপ্ত হয়ে উঠতে পারে। নির্বাচন কমিশন চায় একটি ভালো নির্বাচনি সংস্কৃতি গড়ে উঠুক, যাতে ভবিষ্যতের সব নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হয়।
রাজনৈতিক দলগুলোর প্রতি রক্তপাতহীন নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতে স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে অনেক সহিংসতা ও হত্যাকাণ্ড ঘটেছে। বিশেষ করে গ্রামাঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা তীব্র আকার ধারণ করে এবং একই পরিবার বা এলাকার প্রার্থীদের মধ্যেও সংঘাত দেখা যায়।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন একা কোনো নির্বাচন সফল করতে পারে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, রাজনৈতিক দল, প্রার্থী, সাংবাদিক ও ভোটার—সব পক্ষের সহযোগিতা প্রয়োজন। এ কারণে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ব্যাপক জনসচেতনতা কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন সবসময় সৎ ও নিরপেক্ষ অবস্থানে থেকেছে। অনেক প্রভাবশালী ব্যক্তি ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাইলেও নিয়মের বাইরে কোনো আলোচনা করা হয়নি। আইন ও বিবেকের কাছে দায়বদ্ধ থেকেই কমিশন কাজ করছে।
তিনি বলেন, কোনো পক্ষকে সুবিধা দেওয়া নয়, বরং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই কমিশনের মূল লক্ষ্য।
নারীদের ছবি তোলা নিয়ে অনাগ্রহ প্রসঙ্গে তিনি বলেন, কিছু নারী মুখমণ্ডল উন্মুক্ত না করেই ভোটার হতে চেয়ে মানববন্ধন করেছেন। তাদের নারী কর্মীর মাধ্যমে ছবি তোলার প্রস্তাব দেওয়া হলেও তারা তাতে সম্মত হননি। ধর্মীয় ও সামাজিক সংবেদনশীলতার কারণে বিষয়টি আন্তর্জাতিক পর্যায়েও প্রশ্নের মুখে পড়ে। এ বিষয়ে মানুষকে সচেতন করতে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।