রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

শিরোনাম :

দেশের সব বিমানবন্দরে আজ চালু হচ্ছে ফ্রি ওয়াইফাই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ডিজিটাল সেবা সম্প্রসারণের অংশ হিসেবে দেশের সব বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই সেবা চালু করা হয়েছে বলে জানিয়েছেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

রোববার (১৭ মে) দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ সেবার উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, দেশে চতুর্থ প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক এখন প্রায় ৯৯ শতাংশ মানুষের কাছে পৌঁছে গেছে। তার মতে, এসব অর্জন প্রমাণ করে যে ডিজিটাল অবকাঠামো এখন জাতীয় উন্নয়নের প্রধান ভিত্তি। তবে এখন শুধু সংযোগ বাড়ানো নয়, সেই সংযোগকে আরও নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, সাশ্রয়ী এবং স্থিতিশীল করা প্রয়োজন।

তিনি আরও জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দেশীয় ও বিদেশি বিনিয়োগ, স্টার্টআপ পরিবেশ, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ তহবিল, সাইবার নিরাপত্তা দক্ষতা, ব্যবসা প্রক্রিয়া আউটসোর্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যভান্ডার এবং অর্ধপরিবাহী খাত ভবিষ্যৎ অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি হবে।

তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলেন, বাংলাদেশকে শুধু প্রযুক্তি ব্যবহারকারী দেশ নয়, বরং প্রযুক্তি উৎপাদনকারী, রপ্তানিকারক এবং উদ্ভাবনী সমাধান প্রদানকারী দেশ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। ‘বাংলাদেশে তৈরি’, ‘বাংলাদেশে সংযোজিত’ এবং ‘বাংলাদেশে সেবাদান’—এই ধারণাগুলো এখন বাস্তব অর্থনৈতিক সক্ষমতার রূপরেখা।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, যাত্রীসেবা আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের ঘোষিত পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025