শনিবার, ১৬ মে ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

ভারতে মুসলিম নির্যাতন-সীমান্ত হত্যার প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ

ভারতে মুসলিম নির্যাতন ও সীমান্তে হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস।

শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে এ মিছিল শুরু হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ বারবার আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করছে| সীমান্ত হত্যা দীর্ঘদিন বন্ধ থাকলেও ভারত আবারও তা শুরু করে বাংলাদেশকে নতুন করে ভয় দেখাতে চায়। পুশইন, মাদক চোরাচালানসহ অবৈধ কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে ভারত অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। আমরা ভারতের এমন অপ্রতিবেশীসূলভ আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি বলেন, ভারতকে অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে এবং সকল হত্যাকাণ্ডের ক্ষতিপূরণ দিতে হবে। নিজ দেশের সংখ্যালঘু মুসলমানদের ওপর নিপীড়ন বন্ধ করতে হবে। ভারতকে বাংলাদেশের সঙ্গে আধিপত্যবাদ নয়, প্রতিবেশীসুলভ আচরণ ও সম্পর্ক স্থাপনের আহ্বান জানাই।

ড. আহমদ আবদুল কাদের বলেন, দুঃখজনক ব্যাপার হচ্ছে- গত এক সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়া ও লালমনিরহাট সীমান্তে তিন বাংলাদেশি নাগরিককে হত্যা করা হলেও এর উপযুক্ত জবাব চাইতে ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে এখনো তলব করেনি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা অবিলম্বে বাংলাদেশ সরকারকে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের বিষফোঁড় খ্যাত দখলদার রাষ্ট্র ইসরায়েল বিশ্বজুড়ে ক্রমাগত অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে যাচ্ছে। হাজার হাজার মানুষকে তারা হত্যা-নিপীড়ন চালিয়ে যাচ্ছে। সম্প্রতি লেবাননে দুইজন প্রবাসী বাংলাদেশিকেও তারা ড্রোন হামলা চলিয়ে অন্যায়ভাবে হত্যা করেছে। প্রবাসের সাধারণ শ্রমজীবী মানুষগুলোকেও ইসরায়েল শত্রুজ্ঞান করছে। আমরা ইসরায়েলি এমন বর্বরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা আরও নিশ্চিতে বাংলাদেশ সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানাই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025