বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
দেশের ভঙ্গুর অর্থনীতিকে স্বাবলম্বী অবস্থায় ফিরিয়ে আনতে অন্তত দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
আজ বুধবার (১৩ মে) সকালে রাজধানীর উত্তরায় মাসব্যাপী ইসলামি প্রতিযোগিতা ‘আলোকিত মাহে রমজান’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, অতীত সরকারের লুটপাটের কারণে অর্থনীতি ভেঙে পড়েছে এবং এর দায় এখন জনগণকে বহন করতে হচ্ছে। এই পরিস্থিতি থেকে দেশকে আবার স্বাবলম্বী করতে বর্তমান সরকারের কমপক্ষে দুই বছর সময় প্রয়োজন হবে।
তিনি আরও বলেন, আগামী দুই বছর যদি দেশে শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ বজায় রাখা না যায়, তাহলে ভেঙে পড়া অর্থনীতি পুনরুদ্ধার করা সম্ভব হবে না।
মন্ত্রী জানান, বর্তমান সরকার প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা উত্তরাধিকারসূত্রে পেয়েছে। প্রতি বছর প্রায় ৫০০ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ করতে হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের রপ্তানি আয় বছরে প্রায় ৪ হাজার কোটি ডলার এবং প্রবাসী আয় ২ হাজার থেকে ২ হাজার ২০০ কোটি ডলারের মধ্যে সীমাবদ্ধ।
তথ্যমন্ত্রীর ভাষায়, বাংলাদেশ এখনো আমদানিনির্ভর অর্থনীতির মধ্যে রয়েছে। বছরে প্রায় ৬ হাজার থেকে ৭ হাজার কোটি ডলারের পণ্য আমদানি করতে হয়, ফলে ঘাটতি বাজেট ও ঘাটতি অর্থনীতি নিয়েই দেশ পরিচালনা করতে হচ্ছে।