মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
ইসরায়েলের যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেই সঙ্গে দলটি লেবাননে ইসরায়েলের হামলায় তিন বাংলাদেশি নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে।
মঙ্গলবার (১২ মে) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, ‘সম্প্রতি লেবাননের দক্ষিণাঞ্চলে বর্বর ইসরায়েলিদের ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলামের মর্মান্তিক নিহত হওয়ার সংবাদে আমি গভীরভাবে শোকাহত। একই সঙ্গে গত ৮ এপ্রিল বৈরুতে আরেক হামলায় বাংলাদেশি নারী শ্রমিক দিপালী বেগমের মৃত্যুতেও গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।’
‘আমি নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং তাদের শহীদ হিসেবে কবুল করার জন্য মহান রবের কাছে দোয়া করছি। আমি তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহতায়ালা যেন তাদের এই শোক সহ্য করার তাওফিক দান করেন,’ যোগ করেন গোলাম পরওয়ার।
জামায়াতের সেক্রেটারি জেনারেল উল্লেখ করেন, বিদেশের মাটিতে জীবিকার সন্ধানে গিয়ে নিরীহ বাংলাদেশি নাগরিকদের এভাবে প্রাণ হারানো অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। যুদ্ধ কখনো মানবজাতির কল্যাণ বয়ে আনে না; বরং তা ধ্বংস, মৃত্যু, উদ্বাস্তুতা ও অসহায় মানুষের কান্নার কারণ হয়ে দাঁড়ায়। লেবাননে বাংলাদেশি নাগরিকদের প্রাণহানি সেই নির্মম বাস্তবতারই আরেকটি বেদনাদায়ক দৃশ্য।
তিনি বলেন, ‘মানবসভ্যতার শান্তি, স্থিতি ও সহাবস্থানের স্বার্থে মানবতার দুশমন দখলদার ইসরায়েলের যুদ্ধ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমি বিশ্বসম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত আর্থিক ক্ষতি দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’