রবিবার, ১০ মে ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
এই পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক হলেন মা। মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতেই প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্বজুড়ে পালিত হয় মা দিবস। সেই ধারাবাহিকতায় বাংলাদেশেও আজ পালিত হবে বিশ্ব মা দিবস।
মা দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন। ব্যস্ত জীবনের ভিড়ে অনেক সময় বলা হয় না, ‘মা, তোমাকে ভালোবাসি।’ অথচ একজন মা সন্তানের জন্য নির্ঘুম রাত কাটান, অসুস্থতায় পাশে থাকেন, কষ্ট নিজের ভেতরে লুকিয়ে রাখেন। তাই এই দিনটি যেন মায়ের প্রতি অন্তরের অনুভূতি প্রকাশের একটি উপলক্ষ হয়ে ওঠে।
আধুনিক মা দিবসের সূচনা হয় যুক্তরাষ্ট্রে। ১৯০৭ সালে ফিলাডেলফিয়ার আনা জারভিস তার মা আনা রিভস জারভিসের স্মরণে একটি ছোট অনুষ্ঠান আয়োজন করেন। আনা রিভস জারভিস শিশু মৃত্যুহার কমানো ও মায়েদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করতেন। মায়েদের ত্যাগ ও সন্তানের জন্য তাদের পরিশ্রমের স্বীকৃতি দিতেই এই উদ্যোগ নেন আনা জারভিস।
আনা জার্ভিস বিশ্বাস করতেন, মায়েরা পরিবারের জন্য যে নিঃস্বার্থ ত্যাগ স্বীকার করেন, তার স্বীকৃতি পাওয়া উচিত। তার প্রচেষ্টার ফলে ১৯০৮ সালে প্রথম আনুষ্ঠানিকভাবে মা দিবস পালিত হয় যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ায়।
পরে ১৯১৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উইড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রবিবারকে সরকারি মা দিবস হিসেবে ঘোষণা দেন। এরপর থেকেই বিশ্বের বিভিন্ন দেশে মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস পালিত হয়ে আসছে।
যুগে যুগে, সভ্যতা থেকে সভ্যতায়, ভাষা থেকে ভাষায় মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আর কৃতজ্ঞতা প্রকাশের নানা রীতি তৈরি হয়েছে। আধুনিক বিশ্বে সেই অনুভূতিরই একটি বৈশ্বিক প্রকাশ বিশ্ব মা দিবস।