বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

‘পুশইন’ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে ঘিরে উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশ-কে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৬ মে) চারদিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক উত্তেজনার প্রভাব বাংলাদেশে পড়তে পারে—এমন আশঙ্কা থেকে সীমান্তে সতর্কতা বাড়ানো হয়েছে।

তিনি বলেন, “বিজিবিকে সতর্ক থাকতে বলা হয়েছে। আশা করি পুশইন হবে না, তবু সর্বোচ্চ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।”

এদিনের বৈঠকে জেলা প্রশাসকদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলার তালিকা এক মাসের মধ্যে প্রস্তুত করতে বলা হয়েছে। পাশাপাশি লাইসেন্স থাকা সত্ত্বেও অবৈধ হয়ে যাওয়া অস্ত্র উদ্ধার এবং সাম্প্রতিক আন্দোলন-সংক্রান্ত মামলার তালিকাও করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আসন্ন ঈদ যাত্রা নিরাপদ করতে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সড়ক, মহাসড়ক ও রেলপথে জালিয়াতি প্রতিরোধে পুলিশের জন্য শরীরে ধারণযোগ্য চিত্র ধারণ যন্ত্র ব্যবহারের কথাও জানান মন্ত্রী। এছাড়া জাল টাকা শনাক্তে যন্ত্র সরবরাহ করা হবে বলে উল্লেখ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং প্রযুক্তি ব্যবহার করে সংঘটিত অপরাধ—বিশেষ করে অনলাইন জুয়া—নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025