সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৫০০ শয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে শহরের চাচড়া এলাকার হরিণার বিলে হাসপাতালের এই ফলক উন্মোচন করেন তিনি।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সেবার মানোন্নয়নের কথা তুলে ধরে বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে দ্রুত মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। আমাদের সরকারের লক্ষ্য হচ্ছে মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখা এবং মানুষকে সচেতন করে গড়ে তোলা।
তিনি বলেন, আমাদের সকলকে এটা মনে রাখতে হবে, আমরা যদি সামনে বাড়তে চাই, আমরা যদি দেশকে সামনে নিতে চাই, জাতিকে সামনে নিতে চাই, অবশ্যই একটি সুস্থ জাতির প্রয়োজন। জাতি সুস্থ সবল না থাকলে আমরা পিছিয়ে যাব।
জনগণের উদ্দেশে তারেক রহমান বলেন, আপনারা সরকারকে সহযোগিতা করলে আমাদের জন্য পুরো বিষয়টি সহজ হবে। আমাদের লক্ষ্য হলো— এই কাজগুলোকে এমনভাবে সামনে নিয়ে যাওয়া, যাতে আমরা বাংলাদেশের মানুষকে স্বাস্থ্য সেবা সহজেই তাদের ঘরে পৌঁছে দিতে পারি। এটাই হোক আমাদের প্রত্যাশা, আমাদের আগামী দিনের পরিকল্পনা।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত তরিকুল ইসলামের সহধর্মিণী অধ্যাপক নার্গিস বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।