মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
জাতীয় সংসদে জুলাই শহীদদের প্রতিনিধি হয়ে কথা বলতে চান বলে জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম।
তিনি বলেন, আমাদের শহীদ পরিবারের কষ্ট কোনোদিনও কেউ মিটাতে পারবে না। তবে সংসদে যাওয়ার সুযোগ পেলে আমি আমার শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং জুলাই যোদ্ধাদের কথা তুলে ধরতে চাই।
মঙ্গলবার (২১ এপ্রিল) আগারগাঁও নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের পক্ষ থেকে মনোনয়নপত্র জমাদান শেষ তিনি এসব কথা বলেন।
রোকেয়া বেগম বলেন, আন্দোলনের সময় জাবির মাত্র ৬ বছর বয়সে শহীদ হয়। ঘটনাটি ঘটেছিল রাজধানীর উত্তরার জসিমউদ্দিন এলাকায়। সেদিন আমরা লংমার্চের ডাকে সাড়া দিয়ে সকাল থেকেই পরিবারের সবাই মিলে বের হয়েছিলাম। সেই সময়ই এ ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, আমরা তখন এমন এক পরিস্থিতির মধ্যে ছিলাম, যেখানে প্রতিদিনই আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটছিল। আত্মীয়-স্বজনসহ পরিবারে সবাই আন্দোলনে যুক্ত ছিল।
জামায়াতে ইসলামী তাকে মনোনয়ন দেওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে রোকেয়া বেগম বলেন, উনারা শহীদ পরিবারের জন্য একটি আসন ছেড়ে দিয়েছেন। আমাকে যে সম্মান দেওয়া হয়েছে, সেটি ধরে রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।