বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

বন্ধ হলো দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড (ইআরএল) অপরিশোধিত তেলের সংকটে পরিশোধন কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

গত রোববার (১২ এপ্রিল) বিকেলে রিফাইনারিটির মূল প্ল্যান্ট ‘ক্রুড ডিস্টিলেশন ইউনিট (সিডিইউ)’ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। তবে মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে বিষয়টি প্রকাশ্যে আসে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, নতুন করে আমদানি করা অপরিশোধিত তেলের চালান না আসা পর্যন্ত প্ল্যান্ট চালুর সম্ভাবনা নেই। আগামী ১০ মে’র আগে কার্যক্রম স্বাভাবিক হওয়ার সম্ভাবনাও কম। এ সময়ের মধ্যে রিফাইনারিতে রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে।

এক কর্মকর্তা বলেন, ক্রুড প্রসেসিং ইউনিট বন্ধ রয়েছে, কারণ ক্রুড নেই। তবে এলপি গ্যাস, পেট্রোল ও বিটুমিন উৎপাদন সীমিত আকারে চলমান আছে। পুরো কার্যক্রম বন্ধ—এমন তথ্য সঠিক নয়।

সংশ্লিষ্টরা জানান, মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের কারণে গত প্রায় দুই মাস ধরে অপরিশোধিত তেল আমদানি ব্যাহত হচ্ছে। দেশে সর্বশেষ অপরিশোধিত তেলের চালান আসে গত ১৮ ফেব্রুয়ারি। নতুন চালান আগামী মে মাসের শুরুতে পৌঁছাতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025