শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টা থেকে এই কার্যক্রম শুরু হয়। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা।

মনোনয়ন প্রত্যাশীরা ১২ এপ্রিলের মধ্যে ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। ফরম জমা দেওয়ার সময় জামানত হিসেবে ৫০ হাজার টাকা জমা দিতে হবে।

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। গত বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এই তফসিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে ২৬ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

জাতীয় সংসদের মোট ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত রয়েছে ৫০টি আসন। এর মধ্যে বিএনপির জন্য ৩৬টি, জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন নির্ধারিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025