শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
রাজধানীর হাজারীবাগ এলাকায় বিষপানে সাইদুল আমীন সীমান্ত (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত সীমান্ত নরসিংদী জেলার মনোহরদী থানার বীরগাঁও গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সদরুল আমীন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। হাজারীবাগের মনেশ্বর রোডের একটি পাঁচতলা ভবনের নিচতলার একটি বাসায় তিনি আরেকজনের সঙ্গে ভাড়া থাকতেন।
সীমান্তের চাচা রুহুল আমিন জানান, রাত সাড়ে ১২টার দিকে সীমান্তের এক বন্ধু বাইরে থেকে এসে দরজা বন্ধ দেখতে পায়। অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি তাকে ফোন দেন। পরে তারা গিয়ে দরজা ভেঙে সীমান্তকে বিছানায় অচেতন অবস্থায় দেখতে পান এবং দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যান। তবে কী সেবন করেছিলেন, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।
পারিবারিকভাবে জানা যায়, সীমান্ত দুই ভাই-বোনের মধ্যে বড় ছিলেন এবং তার একমাত্র বোন প্রতিবন্ধী। এছাড়া তার মা করোনাকালে মারা গেছেন। এসব বিষয় নিয়ে তিনি মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন বলে জানান স্বজনরা।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদ হাসান বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে মরদেহ পাওয়া যায়। ঘটনার সময় তার রুমমেট বাসায় ছিলেন না।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিভিন্ন কারণে হতাশাগ্রস্ত হয়ে তিনি ছাড়পোকা মারার ওষুধ পান করে আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।