শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

জুলাই সনদ বাস্তবায়নে ৭ দাবি জানালো ছাত্রশিবির

জুলাই সনদ বাস্তবায়নে ৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে ‌‘গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে গড়িমসি: সরকারের দায় ও জবাবদিহিতা’ শীর্ষক সেমিনারে মূল নিবন্ধ উপস্থাপনকালে এসব দাবি তুলে ধরেন ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

শিবিরের সাতটি দাবি হলো- জুলাই সনদের কোনো অংশ কাটছাঁট, দলীয় ব্যাখ্যায় খণ্ডিত বা সংশোধন না করে অবিলম্বে তা হুবহু বাস্তবায়ন করতে হবে; সনদের খসড়া প্রণয়নের সময় দেওয়া রাজনৈতিক দলগুলোর সব ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমতকে গণভোটের রায়ের পরিপ্রেক্ষিতে অবিলম্বে আইনিভাবে অকার্যকর ঘোষণা করতে হবে; জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী নির্বাচিত জনপ্রতিনিধিদের অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দ্বিতীয় শপথ গ্রহণ করতে হবে ও কোনো ধরনের কালক্ষেপণ ছাড়াই ১৮০ কার্যদিবসের মধ্যে সমগ্র সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

দাবির মধ্যে আরও রয়েছে- সংসদে প্রাপ্ত দুই-তৃতীয়াংশ বা ‘সুপার মেজরিটি’ সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার করে গণভোটে পাস হওয়া কোনো প্রস্তাব বাতিল, সীমিত বা পরিবর্তন করার যে কোনো অপচেষ্টা কঠোরভাবে বন্ধ করতে হবে; সংবিধান সংস্কার প্রক্রিয়া যেন পুনরায় দলীয় বৃত্তে বা সিদ্ধান্তে বন্দি না হয়, সেজন্য এর প্রতিটি ধাপে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং সংস্কারের খসড়া প্রস্তাব প্রকাশ, জনসম্মুখে উন্মুক্ত আলোচনা ও নাগরিক সমাজের প্রত্যক্ষ অংশগ্রহণ বাধ্যতামূলক করতে হবে; জুলাই সনদের প্রস্তাবনা অনুযায়ী নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, সরকারি কর্ম কমিশন এবং মহাহিসাব-নিরীক্ষকসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে অবিলম্বে ও কার্যকরভাবে স্বাধীন করতে হবে এবং প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়ায় সব ধরনের দলীয় প্রস্তাব বা হস্তক্ষেপ চিরতরে দূর করতে হবে এবং যদি কোনো অজুহাতে নির্ধারিত সময়সীমার মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করা না হয়, তবে কালক্ষেপণ রোধে গণভোটের রায়ের ভিত্তিতে তা স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়িত হওয়ার আইনি ব্যবস্থা অবিলম্বে সক্রিয় করতে হবে।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আইনজীবী শিশির মনির, জামায়াতের পাবনা-১ আসনের সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, আলোকচিত্রী শহীদুল আলম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, ডাকসুর ভিপি আবু সাদিক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025