বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
ফ্যামিলি কার্ড পরিবারের সম্পদের ওপর নারীর নিয়ন্ত্রণ বাড়বে বলে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ কার্ড পরিবারের নারী প্রধানকে দেওয়া হবে। ফলে পরিবারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নারীর ক্ষমতা ও মর্যাদা বাড়বে। পাশাপাশি খাদ্য, পুষ্টি, জরুরি চিকিৎসা ও শিক্ষায় এ সহায়তা ব্যবহার হবে। এটি পরিবার ও সমাজে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করবে।
বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে বিএনপিদলীয় সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেনের (পটুয়াখালী-৪) প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রধানমন্ত্রী।
এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। প্রশ্নোত্তরের প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ছিলো। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এই প্রথম প্রশ্নোত্তরে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন।
ওই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, গত ১০ মার্চ দেশের ১৩টি জেলার ৩টি করপোরেশন/ইউনিয়নের ১৫টি ওযার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। এর মাধ্যমে প্রাথমিকভাবে ৩৭ হাজার ৮১৪টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদান করা হয়েছে। চলতি অর্থ বছরের বাকি তিন মাসে আরো ৩০ হাজার পরিবারকে এ কর্মসূচি আওতায় আনা হবে। আগামী চার বছরের মধ্যে চার কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।