মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

ষড়যন্ত্র করে ইসলামের বিজয় ঠেকানো যাবে না: রফিকুল ইসলাম

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের এমপি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, কিছু অপশক্তি প্রতিবেশীদের সহায়তা নিয়ে দাঁড়িপাল্লাকে মেইন স্ট্রিমে আসতে দেয়নি। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা এ কথা স্বীকার করেছেন। ষড়যন্ত্র করে ইসলামের বিজয় ঠেকানো যাবে না।

রোববার বিকেলে শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথায় কথায় সংবিধানের দোহাই দিয়ে বলতেন আমরা সংবিধানের বাইরে এক চুলও নড়বো না। ঠিক তাদের মতোই বর্তমানে সংবিধানের দোহাই দিয়ে চব্বিশের জুলাইকে অবজ্ঞা করছেন সরকার দলীয় এক নেতা। জুলাইকে পাশ কাটিয়ে তারা অতীতকে ভুলে যাচ্ছেন। কিন্তু এদেশের জনগণ তা মেনে নেবে না।

জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ড. আব্দুস সামাদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নায়েবে আমির এ্যাডঃ ড. হেলাল উদ্দিন, সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল আসাদ উদ্দিন এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য জেলা জামায়াতের নায়েবে আমির আলী আলম, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, মাওলানা আব্দুল লতিফ, হাবিবুর রহমান, আব্দুল আজিজ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025