সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
তৃণমূল পর্যায়ে গণতন্ত্র শক্তিশালী করতে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রোববার (২২ মার্চ) সিলেটে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, জনপ্রতিনিধিদের মাধ্যমেই জনগণের কাজ হওয়া উচিত, যাতে জবাবদিহি নিশ্চিত হয়।
তিনি আরও বলেন, সিলেটের উন্নয়ন নিশ্চিত করতে হলে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট পরিকল্পনা ও বাস্তবায়ন প্রয়োজন। বিরোধী দল হিসেবে তারা জনগণের পক্ষে দাবি তুলবেন, তবে বাস্তবায়নের দায়িত্ব সরকারের।
শফিকুর রহমান বলেন, গত নির্বাচনে ৬৫ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, তারা সংস্কার চান। কিন্তু মানুষের সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন হচ্ছে না। গণভোটের এক অংশ বাস্তবায়ন হলেও, আরেক অংশ এখন পর্যন্ত উপেক্ষিত রয়ে গেছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রসঙ্গে তিনি বলেন, এই রাষ্ট্রপতি কার্যত ফ্যাসিবাদের সাথে সংশ্লিষ্ট ছিলেন। তিনি সংসদে ভাষণ দেবেন, তা আমরা চাইনি। রাষ্ট্রপতির প্রতিষ্ঠানের সাথে আমাদের আপত্তি নেই, ব্যক্তি সম্পর্কে আপত্তি আছে। এ বিষয় থেকে মুক্তি দিতে সরকারি দলের কাছে অনুরোধ জানান শফিকুর রহমান।
তিনি আরও বলেন, বিএনপি ও তার দলের শুভাকাঙ্ক্ষী মহলে প্রেসিডেন্ট হওয়ার মতো যথেষ্ট লোক রয়েছে।
নিয়মতান্ত্রিক উপায়ে প্রতিবাদ অব্যাহত রাখার কথা জানিয়ে শফিকুর রহমান বলেন, আমরা সরকারের ভালো কাজকে নৈতিক সমর্থন দেব, কিন্তু জনস্বার্থবিরোধী কিছু হলে আমরা তা মেনে নেব না। রাজনৈতিকভাবেই নিয়মতান্ত্রিক উপায়ে জামায়াত এসব বিষয়ে প্রতিবাদ অব্যাহত রাখবে।